

একটি বাচ্চা ছেলে টিভি দেখছে। টিভিতে দেখাচ্ছে তৃষ্ণার্ত এক কিশোর পানির ট্যাপ এর নীচে হাত পেতে রয়েছে। ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে যা এতোই কম যে হাতের কোশে জমছে না। ঠিক তখন টিভি দর্শকের বাবা বেসিনে মুখ ধুয়ে মাত্র সরে গিয়েছেন। কিন্তু কলটি ভালো করে বন্ধ করা হয়নি। পানি পড়ছে। টিভির রিমোট রেখে ছেলেটি দৌঁড়ে এসে কল যেই কল বন্ধ করলো, টিভিতে দেখানো ছেলেটির কলেও পানি আসলো। প্রাণ ভরে সে চুমুক দিচ্ছে।
''বুয়া, বাথরুমের কলটা ছেড়ে দাও। বালতি ভরুক। গোসল করবো।'' বলে রিমোট হাতে নিয়ে বসে গেলাম টিভি দেখতে। এক বালতি ভরে তিন বালতি যখন নষ্ট হলো তখন অন্য কেউ বাথরুমে ঢুকতে গিয়ে বললো, ''কল ছেড়েছে কে?'' তখন হুঁশ হলো।
ব্রাশ করে বেসিনে মুখ ধুতে এসে মাড়ি ম্যাসেজ করছি। জিহ্বা সাফ করছি। আয়নায় চেহারা দেখছি। চুলে আঙুল চালিয়ে ভাব নিচ্ছি। কল চলছেই ননষ্টপ।
শাওয়ার ছেড়ে দিয়ে গুনগুনিয়ে এলবামের সবগুলো গান গাওয়া শেষ হয়ে গেলেও গোসল শেষ হচ্ছে না।
ওজু করতে বসে যখন দোয়া পড়ছি তখনও এক সারিতে সবগুলো কল চলছে ননষ্টপ।
বাসায় এসে পানির ট্যাপ ছেড়ে এক ফোঁটাও পানি নেই দেখে গালি দিয়ে বলছি, ''পানিই দিতে পারে না। আবার ডিজিটাল বাংলাদেশ গড়বে।'' অথচ খোলা ট্যাপটি আর বন্ধ করছি না। পরে পানি এসে বাথরুম ভেসে যাচ্ছে।
পত্রিকায় খবর দেখছি, ''গর্ত করে ১৫/২০ ফুট নীচে শ্যালো মেশিন বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না।'' মনে কোন বিকার আসছে না।
এ পোষ্টটি যখন দেখছি, বাথরুমের নষ্ট কলটি দিয়ে তখন সরু ধারায় পানি পড়ছে। পড়ছে সারা বছর। কলটি বদলানোর কথা মাথায় আসছে না...
No comments:
Post a Comment